পাসপোর্ট জমা না রেখেও করা যাবে ভারতীয় ভিসার আবেদন
বাংলাদেশিরা এখন থেকে পাসপোর্ট জমা না রেখেই ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক), বাংলাদেশ-এর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এ-সংক্রান্ত নোটিশ আইভ্যাক, বাংলাদেশ-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন করার জন্য নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে নির্দিষ্ট তারিখে রাজধানীরসহ দেশের বিভিন্ন ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) জমা দিতে হবে। তবে আবেদন ফরমের সঙ্গে পাসপোর্ট জমা দিতে হবে না। আবেদন ফরম জমা দেওয়ার সময় ডেলিভারি স্লিপে যে তারিখ উল্লেখ করা থাকবে, সেই তারিখের ৭ দিন আগে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ থাকছে। যেকোনও আবেদনকারীর জন্য এটি প্রযোজ্য বলে জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (১১ জুলাই) থেকে এই সুবিধা চালু হয়েছে।
ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) বাংলাদেশ ওয়েবসাইটে জানানো হয়েছে, ভিসা পদ্ধতিকে আরও সহজ করতে এবং দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে এই উদ্যোগ। আরও জানানো হয়—
(১) যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করার জন্য নিজেদের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের ৭ দিন আগে আইভ্যাক-এ তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।
(২) ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাক-এ তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এটি আবেদনকারীদেরকে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাক-এ দীর্ঘসময় অপেক্ষা করা থেকে মুক্তি দেবে।
(৩) যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদেরকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে অতিসত্বর আইভ্যাকে ভিসা আবেদন ফরম জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
(৪) সুনির্দিষ্ট তারিখ এবং সময় সংবলিত ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দেওয়ার রিসিট ভিসা আবেদনের সঙ্গে অবশ্যই প্রিন্ট করে আনতে হবে।
(৫) আবেদনকারী যে অ্যাপয়েন্টমেন্ট তারিখ ও সময় নির্ধারণ করে ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়ে যে তারিখ ও সময় পাবেন, আবেদনকারীকে অবশ্যই সেই তারিখ ও সময় অনুযায়ী আইভ্যাকে আসতে হবে।
Written by
Trip Begin
Member of the Trip Begin editorial team, covering travel news, destination guides, and booking insights to help you travel smarter.
Share this article